আলজেরিয়ার আসফিয়ার্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ৬ সেপ্টেম্বর (রবিবার) বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের একটি ১৩ সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। প্রতিনিধি দলকে দূতাবাসে স্বাগত জানান আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মো. নাজমুল হুদা।
মতবিনিময়কালে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে রপ্তানি বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দল বাংলাদেশের বাজারে আলজেরিয়ার পণ্যের প্রবেশাধিকার বৃদ্ধি এবং একইসাথে আলজেরিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক, কৃষি ও কৃষি-শিল্প, জাহাজ নির্মাণ, জ্বালানি, ফল রপ্তানি, তথ্যপ্রযুক্তি, খেলাধুলা, জনশক্তি রপ্তানি ও সাংস্কৃতিক বিনিময়সহ বহুমুখী ক্ষেত্রে বাণিজ্য সম্প্রসারণের সুযোগ তুলে ধরেন।
রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সক্রিয় ভূমিকার প্রশংসা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য নিয়মিত এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের বৈঠক ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং নতুন ব্যবসা ও বিনিয়োগের সুযোগ তৈরি করবে।
উল্লেখ্য, ফোরামের সভাপতি মোহাম্মদ নূরুল মোস্তফা ও সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল বর্তমানে আলজেরিয়ায় অবস্থান করছে। তারা সম্ভাব্য ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্র যাচাইয়ের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা এবং আলজেরীয় সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করছেন। এছাড়া প্রতিনিধি দল Intra-African Trade Fair (IATF2025)-এ অংশগ্রহণের উদ্দেশ্যে আলজেরিয়া সফর করছে।