বৃষ্টিতে তিন মহানগরে জলাবদ্ধতার শঙ্কা

by The Daily Timeline
0 comments

নিউজ ডেস্ক | দ্যা ডেইলি টাইমলাইন

ঢাকাসহ চারটি বিভাগে অতি ভারী বৃষ্টি হচ্ছে, যা আগামী কিছু সময় অব্যাহত থাকতে পারে। এতে করে রাজধানী ঢাকা ছাড়াও খুলনা ও চট্টগ্রাম মহানগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (৯ জুলাই) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার ফলে বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার প্রতি ২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি প্রতি ২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

তিনি আরও জানান, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে কোথাও কোথাও ভূমিধ্বসের ঝুঁকি রয়েছে। সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা দেখা দিতে পারে।

ঢাকায় বুধবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭৭ মিলিমিটার। দেশের অন্যান্য এলাকায়ও বৃষ্টিপাতের পরিমাণ ছিল উল্লেখযোগ্য। ফেনীতে ৩৯৯ মিলিমিটার, সন্দ্বীপে ১১৫, চট্টগ্রামে ৮২, সীতাকুণ্ডে ১৮০, বরিশালে ২৬৯ এবং পটুয়াখালীতে ২০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

You may also like

Leave a Comment

About Us

Feature Posts

©2025 – All Right Reserved to The Daily Timeline.

Designed and Developed by Netfie.com